বিগত সরকারের সময়ে সুবিধা নিয়ে অবৈধ সম্পদ অর্জন এবং সেই সম্পদ ব্যবহার করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে ৯০ জনের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
রোববার, ১৩ সেপ্টেম্বর দুপুরে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যরা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে দুদক চেয়ারম্যান বরাবর এই আবেদন জমা দেন। সংগঠনটির সভাপতি আলম আয়াসের নেতৃত্বে প্রতিনিধি দল আবেদনটি জমা দেয়।
আবেদনকারী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তালিকায় থাকা ব্যক্তিরা বিগত ১৭ বছরে বিভিন্নভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন এবং তাদের সম্পদের উৎস যাচাই করা প্রয়োজন। তাদের আরও দাবি, কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে অর্জিত অর্থের অপব্যবহার হতে পারে।
এই অভিযোগগুলো আবেদনকারী সংগঠনের নিজস্ব বক্তব্য। এর সত্যতা বা আইনগত ভিত্তি এখনো দুদক কর্তৃক যাচাই করা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত নয় এবং তদন্ত সাপেক্ষ।
আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়ের উৎস, সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই করে দুদক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, আবেদনটি গ্রহণ করে বিবেচনার আশ্বাস দিয়েছেন দুদক সচিব।
আবেদনপত্র অনুযায়ী, তালিকায় বিনোদন, গণমাধ্যম ও ক্রীড়া অঙ্গনের পরিচিত ব্যক্তিদের নাম রয়েছে। সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, জায়েদ খান ও তারানা হালিম সহ আরও অনেকে।
নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা, নাসিমা খান মন্টি ও আশরাফুল আলম খোকন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয় সহ আরও কয়েকজন।
দুদক এই আবেদনের ভিত্তিতে অনুসন্ধান শুরু করবে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।