সমুদ্রের টানে আবারও ফুকেটে সাদিয়া আয়মান, নতুন ছবিতে মুগ্ধ ভক্তরা

শেয়ার
টুইট
শেয়ার

অভিনেত্রী সাদিয়া আয়মান সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণে। আর সেই ভ্রমণের তালিকায় সবচেয়ে প্রিয় জায়গা সমুদ্র। ফুরসত মিললেই দেশের কিংবা বিদেশের কোনো না কোনো সমুদ্রসৈকতে সময় কাটাতে দেখা যায় তাঁকে।

এবারের গন্তব্য থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ফুকেট। সেখানকার সমুদ্রসৈকত থেকে সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে কখনো ঢেউয়ের পাশে, কখনো বালুকাবেলায় স্বচ্ছন্দ ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি।

ছবির ক্যাপশনে সাদিয়া লিখেছেন, ‘শুধু সমুদ্র আর আমি—এটাই আমার সত্যিকারের ঠিকানা।’ তাঁর এই অনুভূতিপূর্ণ ক্যাপশনও ভক্তদের নজর কাড়ে।

পোস্টটি প্রকাশের মাত্র ৪০ মিনিটের মধ্যেই প্রায় আড়াই হাজারের মতো প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের ঘরেও ভক্ত-অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অনেকেই তাঁর ভ্রমণ ও নতুন লুকের প্রশংসা করেছেন।

অভিনয় ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক চরিত্রে জনপ্রিয়তা পেলেও গত কয়েক বছরে নিজেকে ভিন্ন ধরনের চরিত্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন সাদিয়া। চলতি বছরের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, একই ধরনের চরিত্র বারবার করতে চান না। সংখ্যার চেয়ে কাজের মানকেই তিনি বেশি গুরুত্ব দেন। কোনো গল্প হাতে এলেই আগে নিজেকে প্রশ্ন করেন, কাজটি তাঁর করা উচিত কি না। মনে না ধরলে বড় প্রস্তাবও সম্মান রেখেই ফিরিয়ে দেন।

সিনেমা নিয়েও তাড়াহুড়ো করতে নারাজ এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘উৎসব’-এর পরের সিনেমাটি খুব বুঝেশুনে করতে চাই। অনেক গল্প এসেছে, আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক মিললেই নতুন সিনেমায় কাজ করব। শুধু কাজ করার জন্য কাজ করতে চাই না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *