বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ইংল্যান্ডের প্রথম গোলের পর মুহূর্তেই বদলে যায় ম্যাচের আবহ। মাঠে আর্জেন্টিনা এক গোলে পিছিয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় হতাশার ঢেউ। আর সেই সময়ই একটি ফেসবুক পোস্ট করে আলোচনার কেন্দ্রে চলে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া।
ইংল্যান্ড গোল করার পর নিজের ফেসবুক পেজে টয়া লেখেন, “আমার মনে হয় আর ফুটবল দেখা হবে নারে!” আর এতেই শুরু হয় মন্তব্যের ঝড়।
পোস্টের নিচে অসংখ্য নেটিজেন মজা করে টয়াকে ‘কুফা’ বা ‘অপয়া’ বলে মন্তব্য করতে থাকেন। কেউ লেখেন, “আপনি আসলেই কুফা।” আবার কেউ মন্তব্য করেন, “কী দরকার ছিল আর্জেন্টিনা সাপোর্ট করার!” অনেকেই হাস্যরসের ছলে অনুরোধ করেন, “আপনি প্লিজ আর খেলা দেখবেন না।”
তবে এই ট্রলের পেছনে রয়েছে একটি মজার গল্প। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে প্রকাশ করা এক ভিডিও বার্তায় টয়া নিজেই বলেছিলেন, এবারের বিশ্বকাপে তিনি যে দলকেই সমর্থন করছেন, সেই দলই একে একে বিদায় নিচ্ছে।
টয়া জানান, তাঁর প্রিয় দল জার্মানি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ব্রাজিল ও জাপানের প্রতিও সমর্থন জানিয়েছিলেন। কিন্তু সেই দলগুলোরও একই পরিণতি হয়। এরপর মজার ছলে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনাকে সমর্থন করবেন।
ভিডিওতে টয়া বলেছিলেন, “যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে আমি মেনে নেব সমস্যাটা সত্যিই আমার। নিজেকে কুফা ভক্ত হিসেবেই মেনে নেব, আর ফুটবলই দেখব না।”
সেই ঘোষণার পরই সেমিফাইনালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করায় সামাজিক মাধ্যমে নেটিজেনরা টয়াকেই মজার ছলে দায়ী করতে শুরু করেন। যদিও পুরো বিষয়টি ছিল নিছক ফুটবল-উন্মাদনার অংশ, তবুও মুহূর্তেই অভিনেত্রীর পোস্ট ভাইরাল হয়ে যায়।
অবশ্য ম্যাচের শেষ হাসি হেসেছে আর্জেন্টিনাই। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। ফলে ম্যাচ শেষে অনেক নেটিজেন আবারও রসিকতা করে লিখেছেন, “টয়া শেষ পর্যন্ত কুফা নন!”