আর্জেন্টিনার জয়ে তারকাদের মাতামাতি

শেয়ার
টুইট
শেয়ার

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে লিওনেল মেসির দল ফাইনালের টিকিট নিশ্চিত করতেই উচ্ছ্বাসে ভেসেছে বাংলাদেশ। সাধারণ সমর্থকদের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। কেউ মিম শেয়ার করেছেন, কেউ দিয়েছেন আবেগঘন বার্তা, আবার কেউ করেছেন মজার ঘোষণা।

আর্জেন্টিনার জয় উদযাপনে ভিন্নধর্মী পোস্ট করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বাংলা সিনেমার একটি দৃশ্য নিয়ে তৈরি একটি মিম শেয়ার করে তিনি লিখেছেন, “বিজয় উদযাপন পরে করো; যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও।” পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

অভিনেত্রী পূর্ণিমাও প্রিয় দলের সাফল্যে আনন্দ প্রকাশ করে লিখেছেন, “চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।”

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অভিনেত্রী পরীমণীর পোস্ট। ম্যাচ শুরুর আগেই তিনি মজা করে ঘোষণা দিয়েছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।” আর ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ছবি পোস্ট করে রসিকতা করে লেখেন, “হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!” তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আর্জেন্টিনার নিবেদিত সমর্থক অভিনেত্রী নাদিয়া আহমেদও নিজের উচ্ছ্বাস লুকাননি। তিনি লিখেছেন, প্রথমার্ধে কিছুটা চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই গোল করে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। পোস্টের শেষে তিনি লেখেন, “উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!”

সাধারণত গানের বাইরের বিষয় নিয়ে খুব একটা পোস্ট না করা সংগীতশিল্পী বালামও এবার ব্যতিক্রম। প্রিয় দলের জয় উপলক্ষে তিনি লিখেছেন, “অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।”

অভিনেত্রী শাহনাজ খুশী নিজের পোস্টে লিখেছেন, “শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আসা অভিনেতা ইরফান সাজ্জাদও জয় উদযাপন করেছেন ভিডিও বার্তার মাধ্যমে। ভিডিওর ক্যাপশনে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে খোঁচা দিয়ে তিনি লেখেন, “তোমরা সবাই আবার ব্যাগ গোছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!”

এদিকে অভিনেত্রী কেয়া পায়েলের সংক্ষিপ্ত প্রতিক্রিয়াও নজর কেড়েছে। তিনি লিখেছেন, “আর্জেন্টিনা, তুমি একটা বিউটি।”

আর্জেন্টিনার এই জয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের পাশাপাশি দেশের তারকারাও যেন একসঙ্গে উদযাপনের উৎসবে মেতেছেন। এখন সবার অপেক্ষা—ফাইনালের শেষ লড়াইয়ে মেসিরা আরেকটি বিশ্বকাপ শিরোপা জিততে পারেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *