অভিনেতা জাহের আলভীর জামিন আবারও নামঞ্জুর

শেয়ার
টুইট
শেয়ার

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। ফলে আপাতত কারাগারেই থাকতে হচ্ছে এই অভিনেতাকে।

সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।

শুনানিতে জাহের আলভীর পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত আবেদন খারিজ করে দেন।

এর আগে গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তারও আগে, ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে প্রথম দফায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে জাহের আলভীর স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দিনই ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক-শারীরিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। একই মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *