এআই দিয়ে ছবি–ভিডিও বানানোয় ক্ষুব্ধ কনকচাঁপা, দিলেন ফেসবুক ছাড়ার ইঙ্গিত

শেয়ার
টুইট
শেয়ার

দীর্ঘদিন ধরে নতুন গানে অনিয়মিত জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। ব্যক্তিগত অনুভূতি, স্মৃতি আর নানা মুহূর্ত ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।

সম্প্রতি একটি বিষয় নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত হয়েছেন এই শিল্পী। তার অভিযোগ, অনেকেই এআই প্রযুক্তি ব্যবহার করে তার ছবি ও ভিডিও পরিবর্তন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ ব্যক্তিগতভাবে, আবার কেউ বাণিজ্যিক উদ্দেশ্যেও এসব কনটেন্ট তৈরি করছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে কনকচাঁপা লিখেছেন, “ইদানিং দেখছি এআই দিয়ে আমার ছবি, এমনকি ভিডিওও বানাচ্ছেন আপনারা। পুরো ব্যাপারটাতেই আমি বিব্রত। আমার নিজের ইচ্ছা হলে আমি নিজেই বানাব, সেটা আমার ব্যক্তিগত পছন্দের বিষয়। কিন্তু আগ বাড়িয়ে অন্যরা কেন করবে?”

এআই প্রযুক্তির প্রতি নিজের অপছন্দের কথাও খোলাখুলি জানিয়েছেন তিনি। তার ভাষায়, “এআই যতই উন্নত হোক, আসল মানুষকে কখনও পুরোপুরি তুলে ধরতে পারে না। ছবিকে ঝকঝকে করে দেয় ঠিকই, কিন্তু চোখের দিকে তাকালেই বোঝা যায় সেটা বাস্তব নয়। মানুষের চোখের দৃষ্টি যেমন নিজস্ব, তেমনি তার অবয়বও অনন্য।”

কনকচাঁপা বলেন, নিজের চেহারা নিয়ে তার কোনো অস্বস্তি নেই। তাই অন্যদেরও সেটি বদলে দেওয়ার প্রয়োজন নেই। বরং এআই দিয়ে আরও অনেক ভালো ও সৃজনশীল কাজ করা সম্ভব, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ এখনো ছবি এডিট নিয়েই বেশি ব্যস্ত বলে মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষদিকে কিছুটা আক্ষেপের সুরে শিল্পী লেখেন, “এভাবে চলতে থাকলে হয়তো ফেসবুক ছেড়েই চলে যাব। দর্পণে নিজের বদলে অন্য কাউকে দেখতে চাই না। আমি আমার ‘আমার আমি’কে খুব ভালোবাসি।”

তিনি আরও জানান, জীবনে কখনো পার্লারে সাজেননি, বোটক্স নেননি, ভ্রু প্লাক করেননি কিংবা হেয়ার এক্সটেনশন ব্যবহার করেননি। তাই এআই দিয়ে বিকৃত করা নিজের উপস্থিতি দেখতে একেবারেই রাজি নন এই সংগীতশিল্পী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *