কোক স্টুডিও বাংলার ‘মেঘ’ নিয়ে বিতর্ক থামছেই না, এবার মুখ খুললেন ভারতের শিল্পী মৌসুমি দত্ত

শেয়ার
টুইট
শেয়ার

প্রকাশের পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’। বর্ষার আবহে নির্মিত এই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা ‘সোনার তরী’ নতুনভাবে উপস্থাপনের ধরন অনেক শ্রোতার মন জয় করতে পারেনি। ইউটিউবের মন্তব্যের ঘর থেকে শুরু করে ফেসবুকের নানা গ্রুপ ও ব্যক্তিগত টাইমলাইন—সবখানেই দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া, যার বেশিরভাগই সমালোচনামূলক।

শায়ান চৌধুরী অর্ণবের সংগীতায়োজনে তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম এবং ভারতের শিল্পী মৌসুমি দত্ত। তবে বিতর্ক নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অর্ণব কিংবা অন্য শিল্পীরা।

এরই মধ্যে গানটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ভারতের গায়িকা মৌসুমি দত্ত। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে ‘মেঘ’-এ গাওয়া অংশের ভিডিও শেয়ার করে তিনি জানান, অর্ণবের কাছ থেকে ফোন পেয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন।

মৌসুমীর ভাষায়, বহু বছর ধরেই তিনি অর্ণবের গানের ভক্ত। একসঙ্গে কাজ করার বিষয়ে আগেও আলোচনা হয়েছিল, তবে সেটি যে কোক স্টুডিও বাংলার জন্য হবে, তা তিনি আগে জানতেন না।

তিনি আরও জানান, অর্ণব যখন তাকে বলেন যে শুধু গানই নয়, বেজ গিটারও বাজাতে হবে, তখন বিষয়টি তাকে আরও বেশি আনন্দ দেয়। সেই মুহূর্ত থেকেই ‘মেঘ’-এর সঙ্গে তার যাত্রা শুরু। একই সঙ্গে তিনি শ্রোতাদের উদ্দেশে অনুরোধ জানান, গানটি ভালো লাগলে যেন তারা শেয়ার করেন।

পোস্টের শেষে অর্ণবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই ভারতীয় শিল্পী।

গত ২৮ জুন প্রকাশিত ‘মেঘ’ ইতোমধ্যে ইউটিউবে প্রায় ছয় লাখ ভিউ পেয়েছে। তবে কোক স্টুডিও বাংলার আগের জনপ্রিয় গানগুলোর তুলনায় এই সংখ্যা তুলনামূলক কম।

জানা গেছে, মিয়াঁ তানসেনের সৃষ্ট বর্ষার রাগ **‘মিয়াঁ কি মালহার’**কে ভিত্তি করে গানটি নির্মাণ করা হয়েছে। স্বরণ দত্তের কথায় একটি অংশের সুর করেছেন মোহাম্মদ শোয়েব। তবে শ্রোতাদের সবচেয়ে বড় আপত্তি রয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতাকে গানের সঙ্গে যেভাবে মেলানো হয়েছে, সেই উপস্থাপনাকে ঘিরেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *