ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সিম্পল কৌল মনে করেন, পর্দায় চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়কে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানো ঠিক নয়। তাঁর ভাষায়, একজন অভিনেতা বা অভিনেত্রীর কাছে এসব দৃশ্য কেবল পেশারই অংশ।
সম্প্রতি ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন ‘তারক মেহতা কা উল্টা চশমা’খ্যাত এই অভিনেত্রী। তিনি জানান, গল্পের প্রয়োজনে যদি কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়, তাহলে সেটিকে শুধুই পেশাগত দায়িত্ব হিসেবে দেখা উচিত।
সিম্পল কৌলের ভাষায়, ‘অভিনয় একটি পেশা। চিত্রনাট্যের প্রয়োজনে যদি কোনো অভিনেতাকে চুম্বন বা অন্য কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়, সেটি তার কাজেরই অংশ। আমার স্বামী বা সঙ্গীকেও যদি পেশাগত কারণে এমন দৃশ্যে অভিনয় করতে হয়, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কারণ আমি জানি, সেটি অভিনয়। তবে বাস্তব জীবনে সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া সম্পূর্ণ আলাদা বিষয়।’
সাক্ষাৎকারে সম্পর্ক, বিশ্বাস ও প্রতারণা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। তাঁর মতে, প্রতারণার কোনো বিকল্প ব্যাখ্যা নেই।
অভিনেত্রী বলেন, ‘যদি দুজন মানুষ সত্যিকারের সম্পর্কে থাকেন, তাহলে তাদের একে অপরের প্রতি সৎ ও প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত। সম্পর্কের মধ্যে অন্য কারও প্রতি আকর্ষণ তৈরি হলে সেটি লুকিয়ে না রেখে খোলাখুলি আলোচনা করা উচিত। আর কেউ যদি সম্পর্কে থাকতে না চান, সেটাও তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু একটি গুরুতর সম্পর্কে সততাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
দীর্ঘদিন ধরেই ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ সিম্পল কৌল। ‘কুতুম্ব’, ‘শরারত’, ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘ওয়ে জ্যাসি’, ‘যম হ্যায় হাম’, ‘দিল্লি ওয়ালি ঠাকুর গার্লস’ এবং ‘জিদ্দি দিল মানে না’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি অভিনয়শিল্পীদের ব্যক্তিগত জীবন এবং পর্দার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন নানা বিতর্ক চলছে, ঠিক সেই সময় সিম্পল কৌলের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর বিশ্বাস, অভিনয়কে পেশাগত দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত, আর ব্যক্তিগত সম্পর্কের ভিত্তি হওয়া উচিত সততা, বিশ্বাস ও পারস্পরিক সম্মান।