বিশ্বকাপে আবারও হতাশার গল্প লিখল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। শেষ ৩২–এর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১–১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দলটিকে। এই হারে ভেঙে পড়েছেন জার্মানির অসংখ্য সমর্থক। তাঁদেরই একজন জনপ্রিয় অভিনয়শিল্পী অর্চিতা স্পর্শিয়া।
ফুটবলের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। তবে প্রিয় দল বলতে সবসময়ই জার্মানিকে বোঝেন স্পর্শিয়া। বিশ্বকাপ এলেই প্রিয় দলের প্রতিটি ম্যাচ নিয়ম করে দেখেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে হারের পর হতাশা আর আড়াল করতে পারেননি এই অভিনেত্রী।
দলের বিদায় নিশ্চিত হওয়ার কিছুক্ষণ পরই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন স্পর্শিয়া। সেখানে তিনি লেখেন, ‘হারো, ভালো খেলে হারো। হারো, বড় টিমের কাছে হারো। এভাবেই হতাশ করতে থাকো, তবু আমি সমর্থন করতে থাকব। যবে থেকে ফুটবল বুঝি, যবে থেকে ফুটবল দেখি, তবে থেকেই ভালোবাসি জার্মানি।’
শুধু বর্তমান ব্যর্থতা নয়, জার্মান ফুটবলের দীর্ঘদিনের দুঃসময় নিয়েও কথা বলেছেন তিনি। তবে হতাশার মাঝেও প্রিয় দলের ওপর আস্থা হারাননি স্পর্শিয়া। একই পোস্টে তিনি লিখেছেন, ‘একদিন না একদিন এই জার্মান দল আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে। অতীতের কিংবদন্তি প্রজন্ম যেমন ফিরেছিল, তেমনই আবারও ফিরবে তারা। জার্মানির প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। এখন শুধু একটু বিরতি। বিদায়, প্রিয় জার্মানি। আবার ফিরবে তুমি, আর আমিও থাকব তোমার পাশে।’
২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছে জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারও নকআউট পর্বের প্রথম বাধাই পেরোতে পারল না দলটি। যদিও আসরের শুরুতে কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করে দারুণ সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রাখা সম্ভব হয়নি।
তবে ফল যাই হোক, স্পর্শিয়ার মতো নিবেদিত সমর্থকদের ভালোবাসায় কোনো ভাটা পড়েনি। তাঁদের বিশ্বাস, দুঃসময় কেটে যাবে, জার্মানি আবারও বিশ্ব ফুটবলে নিজেদের হারানো রাজত্ব ফিরে পাবে। সেই প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন স্পর্শিয়াও।