দীর্ঘ ১৮ বছর ধরে ‘দাদাগিরি’ মানেই ছিল সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট মাঠের মতোই টেলিভিশনের পর্দাতেও নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে এবার সেই অধ্যায়ের ইতি টেনে জনপ্রিয় কুইজ শোটির নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব নিয়েছেন টালিউড সুপারস্টার দেব।
বুধবার (১ জুলাই) ‘দাদাগিরি’র ১১তম সিজনের প্রথম পর্বের শুটিংয়ে অংশ নেন দেব। সেখানেই সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
‘বাংলার নতুন দাদা’ বলে সম্বোধন করা হলে হাসিমুখে দেব বলেন, “নতুন দাদা কি না জানি না, তবে নতুনভাবে আসছি।”
সৌরভ গাঙ্গুলির জায়গায় দায়িত্ব নেওয়া নিয়ে নেটমাধ্যমে নানা আলোচনা হলেও বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন দেব। তিনি জানান, শোটি নিয়ে সৌরভের সঙ্গে তার কথা হয়েছে এবং সাবেক এই ক্রিকেটার তাকে নানা পরামর্শও দিয়েছেন।
দেব বলেন, “দাদা আমাকে অনেক টিপস দিয়েছেন। আমি এই দায়িত্ব নিয়েছি বলে উনি খুব খুশি। আমাদের সম্পর্ক খুবই ভালো। আমি দাদাকে রিপ্লেস করেছি—বিষয়টা আমি এভাবে দেখি না। দাদার একটা ভাবনা ছিল, চ্যানেলেরও একটা পরিকল্পনা ছিল, আমারও কিছু ভাবনা ছিল। শেষ পর্যন্ত যা হয়েছে, ভালোর জন্যই হয়েছে।”
নতুন দায়িত্ব নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা। তার বিশ্বাস, দর্শকরা যেভাবে এত বছর ‘দাদাগিরি’কে ভালোবেসেছেন, নতুন মৌসুমও তেমনি সাড়া ফেলবে।
দেব বলেন, “চেষ্টা থাকবে ১০টি সিজনের মতোই ১১তম সিজনকেও দর্শকদের কাছে প্রিয় করে তোলা। সম্ভব হলে আগের চেয়েও ভালো কিছু উপহার দিতে চাই।”
তবে এই জনপ্রিয় শোয়ের দায়িত্ব নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। দেবের ভাষায়, “দাদাগিরি বাংলার সবচেয়ে বড় শো। প্রায় ১৮ বছর ধরে এটি মানুষের ভালোবাসা পেয়েছে। সব শ্রেণি-পেশার দর্শকের কাছে এটি সমান জনপ্রিয়। আমি এবং আমার পুরো টিম সেই বিশ্বাস ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
শুধু সঞ্চালকই নয়, নতুন মৌসুমে বদলে গেছে ‘দাদাগিরি’র পরিচিত টাইটেল ট্র্যাকও। এতদিন যে গানটি অরিজিৎ সিংয়ের কণ্ঠে শুনে অভ্যস্ত ছিলেন দর্শকরা, সেটির পরিবর্তে এবার শোনা যাবে ঈশান মিত্রের কণ্ঠ।
আগামী ৫ জুলাই রাত ৯টায় সম্প্রচার হবে ‘দাদাগিরি’র ১১তম সিজনের প্রথম পর্ব। এখন দেখার বিষয়, সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিনের জনপ্রিয়তা ধরে রেখে নতুন সঞ্চালক হিসেবে দর্শকদের কতটা আপন করে নিতে পারেন দেব।