ফুটবল বিশ্বকাপের আবহে আসছে ‘ইত্যাদি’র বিশেষ পর্ব, থাকছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য ও গ্রীস ভ্রমণ

শেয়ার
টুইট
শেয়ার

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ আবারও আসছে বিশেষ আয়োজন নিয়ে। এবারের সংকলিত পর্বে থাকছে ফুটবল বিশ্বকাপকে ঘিরে অতীতের জনপ্রিয় সব পরিবেশনা, মানবিক প্রতিবেদন, জমজমাট নৃত্য, নাট্যাংশ এবং দর্শকপ্রিয় নিয়মিত পর্বগুলো।

আগামী শুক্রবার (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একযোগে প্রচারিত হবে এই বিশেষ পর্ব।

এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের ঐতিহাসিক আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ দিয়ে। প্রাচীন বরেন্দ্র অঞ্চল ও গৌড়-সুলতানি আমলের ইতিহাসের সাক্ষী এই আম্রকাননের মনোরম পরিবেশও উঠে আসবে অনুষ্ঠানে।

বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের আবহকে সামনে রেখে এবারের সংকলনে স্থান পেয়েছে ফুটবল নিয়ে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের জনপ্রিয় ও তথ্যবহুল আয়োজন। এর মধ্যে রয়েছে ফুটবল নিয়ে তিনবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অর্জনকারী মাগুরার হালিমকে নিয়ে একটি অনুপ্রেরণাদায়ক প্রতিবেদন, যাকে প্রথম দর্শকদের সামনে তুলে ধরেছিল ‘ইত্যাদি’।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ ও জেলার বিখ্যাত আম নিয়ে থাকবে দুটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। পাশাপাশি সাপের প্রতি ব্যতিক্রমী ভালোবাসার জন্য পরিচিত ফজলে রাব্বী রবিনকে নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদনও প্রচার করা হবে।

এছাড়া খুলনার ফুলতলা উপজেলার সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের মানবিক কর্মকাণ্ড নিয়েও রয়েছে একটি বিশেষ প্রতিবেদন।

বিদেশি পর্বে দর্শকদের নিয়ে যাওয়া হবে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রীসের রাজধানী এথেন্সে। সেখানে দেশটির ঐতিহ্যবাহী ‘ইভজোনস’ সেনাদলকে নিয়ে থাকছে একটি আকর্ষণীয় ডকু-ফিচার।

সাংস্কৃতিক আয়োজনে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে একটি গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণাঢ্য নৃত্য। পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অসঙ্গতি ও অনিয়ম নিয়ে নির্মিত একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি লোকসংগীত ও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য নিয়ে পরিবেশন করেছেন বিশেষ গম্ভীরা। সেই পরিবেশনার ওপর প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের।

এছাড়াও সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে সংকলিত বিদ্রূপাত্মক নাট্যাংশের পাশাপাশি থাকছে ‘ইত্যাদি’র দর্শকপ্রিয় নিয়মিত আয়োজন—নানি-নাতি, মামা-ভাগ্নে এবং চিঠিপত্র বিভাগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *