দেশজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত অঞ্চলের অসহায় মানুষের জন্য তিনি নীরবে আর্থিক সহায়তা দিয়েছেন।
টানা বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। কোথাও পাহাড়ধস, কোথাও আবার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই দুর্যোগে প্রাণহানির সংখ্যাও অর্ধশত ছাড়িয়েছে। এমন সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছেন, আবার কেউ সরাসরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা তৌসিফ মাহবুব। জানা গেছে, চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করা এক স্বেচ্ছাসেবী দলের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
ত্রাণ কার্যক্রমে যুক্ত মোহাম্মদ ইমন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার তারা কয়েকজন মিলে চট্টগ্রামের বাঁশখালী এলাকায় প্রায় এক হাজার মানুষের মধ্যে শুকনা খাবার, চিড়া, মুড়ি, বিশুদ্ধ পানি, স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করবেন। এই উদ্যোগের খবর জানার পর নিজ থেকেই যোগাযোগ করে সহায়তা পাঠান তৌসিফ মাহবুব।
তবে বিষয়টি নিয়ে প্রচার করতে আগ্রহী নন অভিনেতা। তার বিশ্বাস, এমন দুর্যোগে যার যতটুকু সামর্থ্য আছে, সেভাবেই মানুষের পাশে দাঁড়ানো উচিত।
নিজের ফেসবুক পোস্টে তৌসিফ লিখেছেন, “মাটির মানুষ মাটিতেই ফিরে যাব। মাঝে যে কয়দিন বাঁচি, মানুষের জন্যই হোক সেটা। যে মানুষেরা ভালোবেসে আমার কাজ দেখে, তাদের জন্য কিছু করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।”
এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব রয়েছেন আরও অনেক তারকা। কেউ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন, কেউ আবার বন্যাদুর্গত মানুষের জন্য সহায়তার আহ্বান জানাচ্ছেন। এর আগে ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়ও শোবিজ অঙ্গনের অনেক শিল্পী সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।