বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ হয়েছে সেলেসাওদের। প্রিয় দলের এমন বিদায়ে হতাশ ব্রাজিল সমর্থকরা। তবে প্রতিপক্ষ দলের সমর্থকদের মধ্যেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
অভিনেতা তৌসিফ মাহবুব নিজে জার্মানির সমর্থক। একই সঙ্গে লিওনেল মেসির প্রতি ভালো লাগা থেকে আর্জেন্টিনাকেও সমর্থন করেন। তবুও ব্রাজিলের বিদায়ে খুব একটা আনন্দিত হতে পারেননি তিনি।
একটি ভিডিও বার্তায় তৌসিফ বলেন, ‘ব্রাজিল হারলে যতটা খুশি হবো ভেবেছিলাম, ততটা হতে পারছি না। বরং খারাপই লাগছে। এবারের বিশ্বকাপে আর ব্রাজিলকে দেখা যাবে না। ভালো খেলেছে নাকি খারাপ খেলেছে, সেটা বলছি না। হয়তো ভাগ্য তাদের পক্ষে ছিল না। আর হালান্ড সত্যিই দুর্দান্ত। ও একটা গোল স্কোরিং মেশিন। যেভাবে গোল করেছে, অসাধারণ।’
তৌসিফ আরও জানান, তার পরিবারের বেশিরভাগ সদস্যই ব্রাজিলের সমর্থক। তাই দলটির জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। তার ভাষায়, ‘বেটার লাক নেক্সট টাইম।’
অন্যদিকে ব্রাজিলের বিদায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। আর্জেন্টিনার সমর্থক এই অভিনেতা বরাবরই ফুটবল নিয়ে সরব থাকেন। এবারও ব্রাজিল সমর্থকদের উদ্দেশে কিছুটা খোঁচা দিয়েই কথা বলেছেন তিনি।
ইরফান বলেন, ‘এটা বিশ্বকাপ। এখানে শুধু অন্য দলকে খোঁচা দিয়ে লাভ নেই। ২০০২ সালের পর থেকে ব্রাজিল সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছে। অথচ সারাক্ষণ আর্জেন্টিনাকে নিয়েই ব্যস্ত! কোন ক্লাবে কে খেলে, র্যাঙ্কিং কত—এসব নিয়ে বড়াই করারও কিছু নেই। বিশ্বকাপের প্রতিটি দলই শক্তিশালী। নরওয়ে আজ ব্রাজিলকে পুরো ম্যাচেই আউটপ্লে করেছে।’
শেষে আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘২০১৪ সালে ফাইনাল, ২০১৮ সালে কোয়ার্টার ফাইনাল, ২০২২ সালে চ্যাম্পিয়ন। ২০২৬-এ কী হবে, সেটাও দেখা যাবে। তবে পরেরবার আমাদের সঙ্গে কথা বলার সময় একটু সম্মান দিয়েই বলবেন।’
ব্রাজিলের বিদায়ের পর দুই অভিনেতার এমন ভিন্নধর্মী প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।